কমলা হ্যারিসকে এবিসি নিউজের স্টুডিওতে নয়, বরং ফক্স নিউজের স্টুডিওতে আগামী ৪ সেপ্টেম্বর সরাসরি নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছে কমলার নির্বাচনী শিবির।
তারা বলছে, ফক্স নিউজে বিতর্কের প্রস্তাব দিয়ে ট্রাম্প মূলত এবিসি নিউজের পূর্ব নির্ধারিত বিতর্ক থেকে পিছু হটার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ট্রাম্পের ২৭ জুনের প্রথম বিতর্কের পর দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা ছিল ১০ সেপ্টেম্বরে এবিসি নিউজে। কিন্তু বাইডেন সরে গিয়ে তার জায়গায় হ্যারিস আসার পর ট্রাম্প তাকে পূর্বনির্ধারিত এই বিতর্কের পরিবর্তে ফক্স নিউজে ৪ সেপ্টেম্বরে বিতর্ক করার বিকল্প ওই প্রস্তাব দেন।
এখন ট্রাম্প চাইছেন বিতর্ক সেখানে না হয়ে ফক্স নিউজের স্টুডিওতে হোক। ট্রাম্পের সমর্থকদের মধ্যে এই টেলিভিশন নেটওয়ার্কটি সবচেয়ে জনপ্রিয়। বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি থেকে সামনে চলে আসেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা। আনুষ্ঠানিকভাবে এখনো দল থেকে কমলার প্রার্থিতা নিশ্চিত হয়নি। তবে গত শুক্রবারই তিনি দলীয় মনোনয়ন পেতে প্রয়োজনীয় ডেলিগেটের (প্রতিনিধি) সমর্থন পেয়ে গেছেন।
গতকাল শনিবার কমলা বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে তিনি লেখেন, ‘কীভাবে যেকোনো সময়, যেকোনো স্থান একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে পরিণত হয়। কী অদ্ভুত। আমি আগামী ১০ সেপ্টেম্বর সেখানে থাকব, যেমনটা তিনি (ট্রাম্প) রাজি হয়েছিলেন। আশা করি তাকে সেখানে দেখতে পাব।’
ভারতের নাগরিকত্ব ত্যাগের হিড়িক, যা বলছে বিরোধীরা