বৈষম্যবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে তিনিসহ কয়েকজন ভর্তি হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এই তথ্য জানান।
তিনি বলেন, আজ রোববার বেলা ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক ভর্তি হয়। তাদের সঙ্গে এই যুবককেও নিয়ে আসা হয়। গুরুতর আহত ওই যুবককে আইসিউতে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ৩টায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক আরও বলেন, নিহত যুবকের কোনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। নিহতের মাথায় ও পায়ে কোপের আঘাত রয়েছে। আজ বিকেল পর্যন্ত এ হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জন রোগী ভর্তি হয়েছে।
