নোয়াখালীতে ৩ পুলিশসহ নিহত ৬

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা অগ্নিসংযোগের ঘটনায় ৩ পুলিশসহ অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে, এএসআই মো.নাছির, এসআই মো.বাছির, কনস্টেবল মোশারফ। তবে নিহত সকলের পরিচয় জানাতে পারেনি পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ। অন্যদিকে ১২ জন পুলিশ সদস্য এখনও নিখোঁজ রয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকালে সংঘর্ষের এসব ঘটনা ঘটে। 

এ সব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্মদ হেলাল উদ্দিন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা সোনাইমুড়ী বাইপাস এলাকায় জড়ো হয়। এরপর তারা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। বিকাল পৌনে পাঁচটার দিকে আনন্দ মিছিল থেকে কয়েকজন সোনাইমুড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।

এই সময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন। এরপর উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে ৩৪ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছে বলেও জানা যায়। 

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে ৩৭ জন গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৩ জন হাসপাতালে মৃত আনা হয়। বর্তমানে ৩৪ জন হাসপাতালে ভর্তি আছে । আহতদের বেশির ভাগই সোনাইমুড়ীর।     

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন,  “নিহতদের মধ্যে তিন জনকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল আমাদের অফিসার ফোর্স সবমিলিয়ে ২১ জন মিসিং ছিল। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১ টা পর্যন্ত ৯ জনের তথ্য পেয়েছি। হামলার সময় আত্মরক্ষায় পুকুরে অনেকে ঝাঁপ দিয়েছেন, কেউ সেখান থেকে সরে গেছেন, এই সময় আসলে তারা হয়ে নিজেদের আত্মরক্ষার চেষ্টার কারণে অনেকে মোবাইল হারিয়েছেন, তাই রাতে যোগাযোগ করা সম্ভব হয়নি। এক বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন ৬ জন। এখনও আমাদের ১২ জন সদস্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।”

বেঁচে যাওয়া এক পুলিশের বরাত দিয়ে এসপি আরও বলেন, “প্রথমে আন্দোলনকারীরা আক্রমণ করে পরে তারা তাদের বাঁচানোর জন্য উপরে ফাঁকা গুলি করে। নিহতের পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে, এএসআই মো.নাছির, এসআই মো.বাছির, কনস্টেবল মোশারফ। সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিনের শরীরে ৫টি গুলিবিদ্ধ হয়েছে।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত