কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের পর সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, উপসনালয়সহ সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ইতিমধ্যে সারা দেশে দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
আজ বুধবার দেশ রূপান্তরকে এসব কথা বলেন তারা। তারা বলেন, ‘বিগত দিনে বিশেষ ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হয়। মন্দির ভাঙচুর হয়। দুস্কৃতকারীরা এসব অপকর্ম করে বিএনপি-জামায়াতের ওপর দোষ চাপায়। সে অভিজ্ঞতার আলোকে এবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগেভাগেই সতর্ক অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা আগেই নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও সম্পত্তি রক্ষার জন্য। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার থেকে দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’
তারা আরও বলেন, ‘আমরা সারা দেশে খোঁজখবর নিচ্ছি। কোথাও সমস্যার সংবাদ পেলে সাথে সাথে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি। যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। আমাদের পাশাপাশি মাদরাসাছাত্র, সাধারণ মানুষ এ কার্যক্রমে অংশ নিচ্ছে। আশা করি কোনো ধরনের অঘটন ঘটবে না। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।’
নেতৃবৃন্দ বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ভিডিও বার্তায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমাদেরকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও আমরা সতর্ক অবস্থানে থাকব।
এদিকে আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে সমাবেশস্থলসহ আশেপাশের এলাকায় পরিস্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা নিজেরা এ কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রায় দুই ঘণ্টা দলের নেতাকর্মীদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নেতৃবৃন্দ।
দাউদকান্দিতে ছাত্রদের ওপর হামলাকারী গণপিটুনিতে নিহত
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জ আ. লীগ নেতাদের শপথ