গণমাধ্যমকর্মী আতিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:২৩ এএম

গণমাধ্যমকর্মী মো. আতিকুর রহমানের হত্যার প্রতিবাদ, বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিজনেস পোস্ট এবং আমাদের সময়ে কর্মরত তার সহকর্মীরা।

গতকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও এলাকায় পত্রিকা দুটির অফিস ভবনের সামনে বক্তারা এই দাবি জানান। এ সময় উভয় পত্রিকার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সহ-সম্পাদক ছাড়াও বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আতিকুর রহমান দি বিজনেস পোস্টের গ্রাফিকস ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার বেলা ১১টার দিকে নগরীর শনির আখড়া এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই সময় এলাকায় সংঘাত, সংঘর্ষ চলছিল। সোমবার রাত ১০টার দিকে আতিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায়। পরে জানা যায়, ওইদিন দুপুর ১টার দিকে আতিকের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

গত সোমবার রাতেই তার মরদেহ বরিশালের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৬ বছরের মেয়ে, ২ বছরের ছেলে ও স্ত্রী রেখে গেছেন আতিক।

মানববন্ধনে দি বিজনেস পোস্ট এবং আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম বলেন, ‘অত্যন্ত দক্ষ একজন সহকর্মীকে আমরা হারালাম। দেশে যে নৈরাজ্য, সহিংসতা এবং সংঘাত চলছে, তার বলি হয়ে গেলেন আতিকুর রহমান। যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবেন, তাদের কাছে আতিক হত্যার তদন্ত ও দোষীদের বিচার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোনো সংবাদকর্মী বা নাগরিককে হত্যার শিকার হতে না হয়।’

আতিক শহীদ হয়েছেন উল্লেখ করে মাইনুল আলম বলেন, ‘আমরা আজ শপথ নিচ্ছি শহীদ আতিকের স্বপ্নকে আমাদের কর্মের মধ্য দিয়ে বাস্তবায়ন করব। তার পরিবার আজ অভিভাবকশূন্য হয়ে গেছে। এই রাষ্ট্রকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আমাদের সময়ের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, দি বিজনেস পোস্টের ডেপুটি চিফ রিপোর্টার ফরহাদ হোসেন, স্টক পাতার ইনচার্জ নিয়াজ মাহমুদ এবং গ্রাফিকস ইনচার্জ মাহবুব। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত