দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।’ কমেন্ট বক্সে তিশার সঙ্গে ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করেছেন। মিলন নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয়, পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তের দাগ লেগে আছে, এই পোশাককে দেশের অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে।’ সাইফুল ইসলাম নামে আরেকজনের ভাষ্য, ‘স্বাধীন দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে।’
এদিকে যোগ্য ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় দায়িত্ব নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দেড় লাখ সরকারি চাকরির পদ খালি হতে যাচ্ছে! যোগ্য সুশিক্ষিত যারা ছাত্র-জনতার বিপ্লবে শামিল হয়েছেন, তারা রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত হোন।’
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দেশের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, যা দেখে সাধারণ মানুষ তাদের সাধুবাদ জানাচ্ছেন।
এবার এসব শিক্ষার্থীর সঙ্গে পথে নামতে চাইলেন অভিনেত্রী পারসা ইভানা। ফেসবুক স্ট্যাটাসে তিনি বললেন, ‘উত্তরাতে রাস্তা পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে যদি রঙ করা লাগে, আমি সাহায্য করব।’
তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এ জন্যই আপনাকে আমাদের এত ভালো লাগে পাশে আছি ইনশাল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরপর মুহূর্তের মধ্যে দেশ জুড়ে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের। শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই স্বপ্ন দেখছেন একটা সুন্দর দেশের।
