প্রায় ১৫ বছর পর লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) সন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সাংবাদিকরা সত্য লিখতে পারেনি আর আমরা রাজপথে দাঁড়াতে পারিনি। নতুন বাংলাদেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে জামায়াত-বিএনপি কমিটি গঠন করে দিয়েছে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না হয়। আমরা হিন্দুদের মন্দির পাহারার ব্যবস্থা করেছি। লক্ষীপুর শহরসহ গ্রামগঞ্জে মাইকিং করা হয়েছে। যারা সন্ত্রাসী কাজ করবে, লুটপাট দখল করবে, তাদেরকে ধরে আমাদেরকে ফোন দেওয়ার জন্য বলা হয়েছে।যেহেতু বর্তমানে পুলিশ নেই, আমরা ব্যবস্থা নিচ্ছি।”
এসময় আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসাইন নুর নবী জেলা মিডিয়া সেলের প্রধান এ্যাড. মহসিন কবীর মুরাদ, পৌর জামায়াতের আমির এড,আবুল ফারাহ নিশান, বিএনপি নেতা এ্যাড. ফেরদৌস আহমেদ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল।
