শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসিফ নজরুল। যেই কোটা সংস্কারকে কেন্দ্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলো সেই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন অধ্যাপক আসিফ নজরুল।
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বৃহস্পতিবার। এই সরকারে উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক আসিফ নজরুল।
শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালানোর বিরুদ্ধে তিনি পত্রিকায় কলাম লিখেছিলেন, টেলিভিশন টকশোতে সরকারের তীব্র সমালোচনা করেছিলেন আসিফ নজরুল। পাশাপাশি পুরো আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে একের পর এক পোস্ট করে শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রেরণা দেন এই অধ্যাপক। আন্দোলন চলাকালীন সময়ে বারবার তিনি শিক্ষার্থীদের থানা থেকে ছাড়িয়ে নিতে তৎপর ছিলেন।
আসিফ নজরুলের জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি এক সময়ের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।
