শিল্প-কারখানায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলছেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েক দিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে মাহবুবুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েক দিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। এ বিপ্লবের ফলে ছাত্র-জনতার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাসের এ সন্ধিক্ষণে তারা একটি নিরাপদ, বৈষম্যহীন এবং মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
কল-কারখানায় দুষ্কৃতকারী হামলা চালাচ্ছে দাবি করে এফবিসিসিআই সভাপতি বলেন, এ অর্জনের মধ্যেও কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জানমাল, ব্যবসা-প্রতিষ্ঠান ও কল-কারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সমাজ এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে।
মাহবুবুল আলম বলে, ব্যবসায়ী সমাজ আশান্বিত, এ নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছে। তারা ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তিনি বলেন, তবে কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মধ্যে এখনো আতঙ্ক রয়ে গেছে। এমতাবস্থায় ব্যবসা-প্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই।
যদিও গত ২৪ জুলাই সাবেক সরকারকে সমর্থন দিয়েছিল সংগঠনটি। সে সময় দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে বলে উল্লেখ করেছিল তারা।
