শরীয়তপুরের সখিপুরে দুর্বৃত্তদের হামলায় ফারুক মোল্লা (৫০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সখিপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে।
নিহত ফারুক মোল্লা ওই এলাকার আ. হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের হামলায় ফারুক মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর এলাকা থেকে চোখ উপড়ানো অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন (১৪)। সে নাচোলের পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে এবং পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ইসমাইলের বাবা মজিদুল জানান, পূর্বশত্রুতার জেরে এলাকার কিছু দুর্বৃত্ত তার ছেলেকে হত্যা করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
