আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই চলমান এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গতকাল শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। কারণ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনো অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ ছাড়া বৈঠকে মতপ্রকাশের বিষয়ে করণীয়, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃস্থানীয় পর্যায়ে পরিবর্তন এবং বাজারের ওপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা সম্ভব না। কারণ, এখানে কী ধরনের রিফর্ম করা হবে, তার জন্য একটি সময় লাগবে। দিনশেষে আমাদের সবারই যাত্রা যেহেতু গণতন্ত্রের দিকেই। সেজন্য কী ধরনের সংস্কার করা হবে তার ওপর এ সরকারের মেয়াদ নির্ভর করবে।’
