হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে ‘কঠিন শাস্তি’ দেওয়ার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এছাড়া সর্বোচ্চ নেতার আদেশগুলি সুস্পষ্ট এবং সেগুলি সর্বোত্তম উপায়ে বাস্তবায়ন করা হবে বলেও হুমকি দিয়েছে আইআরজিসি। শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলি ফাদাভি ইরানি গণমাধ্যমে এ কথা জানান।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এদিকে ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, ‘ইসরায়েলকে প্রচুর পরিমাণে অস্ত্র ও সম্পদ দিয়ে রক্ষা করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। এই ধরনের কোনো হুমকি আসলে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নেই।’
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আহ্বান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর।
গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ওই হামলায় এক দেহরক্ষীসহ তিনি নিহত হন।
ইরান ও হামাসসহ মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠনগুলোর দাবি ইসরায়েল হানিয়াকে হত্যা করিয়েছে। তবে এই বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অসাংবিধানিক, এ সরকারকে কেউ ভোট দেননি: জয়