দুই মাসের মধ্যেই সরকার পতনের পূর্বাভাস ইমরানের

  • পাকিস্তান সরকারের কাছে আর মাত্র দুই মাস সময় আছে, ভবিষ্যদ্বাণী ইমরান খানের
  • ক্ষমতাসীন সরকারের অধীন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১১:৫৬ এএম

পাকিস্তানে মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র দুই মাস রয়েছে। দুই মাসের মধ্যেই এই সরকারের পতন হবে বলে পূর্বাভাস দিয়েছেন কারাগারে বন্দী থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অস্থায়ী আদালত কক্ষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। খবর জিও নিউজ।

এ সময় ইমরান খান বলেন, "সরকার জলাবদ্ধতার মধ্যে ডুবে যাচ্ছে, তবে তারা [শাসকরা] বোকার মত কাজ করছে এবং তা বুঝতে পারছে না।"

তিনি আরও বলেন, ‘আমি কারাগার থেকে এটি ভবিষ্যদ্বাণী করছি যে এই সরকারের কাছে মাত্র দুই মাস সময় আছে।

এ সময় গত বছরের ৯ মের দাঙ্গার জন্য শর্তাধীন ক্ষমা চেয়ে বুধবারের বিবৃতি সম্পর্কে কথা বলেন ইমরান খান। জানান, তিনি শর্তহীন ক্ষমা চেয়েছেন বলে যে ধারণা ছড়িয়েছে, তা ভুল। তিনি বলেন, "আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল। আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলছি।

তাঁকে দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তাতে পিটিআই নেতা-কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলেই ক্ষমা চাইবেন বলে জানান ইমরান খান।

তিনি বলেন, "আমি আমাদের জনগণকে সেনাবাহিনীর উপর আক্রমণ করতে বলব, আমি কি এতই বোকা হয়েছি।“

এ সময় ইমরান খান বলেন, ক্ষমতাসীন সরকারের অধীন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি। একই সঙ্গে বর্তমান সিইসির অধীন কোনো নির্বাচন আয়োজনের বিষয়ে নারাজ তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত