অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাই হচ্ছেন কুমিল্লার

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:১১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে তিনজনই কুমিল্লার বাসিন্দা। তারা হলেন—ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এর মধ্যে ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসানকে বন ও পরিবেশ মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 

ড. আসিফ নজরুল জেলার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামের সন্তান। তিনি একাধারে লেখক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে আইনে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ১৯৯৯ সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

সৈয়দা রিজওয়ানা হাসান হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের আবু বকর সিদ্দিক লিটুর স্ত্রী। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলার) নির্বাহী পরিচালক। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১২ সালে তিনি র‌্যামন ম্যাগসেস পুরস্কার লাভ করেন। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। 

সৈয়দা রিজওয়ানা হাসানের শাশুড়ি বেগম মঞ্জুরা জলিল বলেন, ‘আশা করি, আমার পুত্রবধূ দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।’ 

আসিফ মাহমুদের বাবা বেলাল হোসেন বলেন, ‘আসিফ জীবনের ঝুঁকি নিয়ে কোটা আন্দোলনের ডাক দিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছে। দোয়া করি, সততার সঙ্গে যেন সে দায়িত্ব পালন করতে পারে।’ 

এ বিষয়ে আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল বলেন, ‘সফল আন্দোলনের পর আসিফ মাহমুদ উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আশা করি, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত