টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে তৎপরতা শুরু ক্রীড়া উপদেষ্টার

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:০৬ পিএম

আগামী অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে দেশের বর্তমান প্রেক্ষাপট এত বড় আয়োজনের অনুকূলে নেই। সরকার পতন এবং সহিংসতার মাঝে বিদেশি দলগুলো আসতে চাইবে কিনা- সেটা নিয়েও আছে শঙ্কা। তবে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, বিশ্বকাপ আয়োজনে ইতোমধ্যেই তিনি তৎপরতা শুরু করেছেন।

দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহবুব বলেছেন, ‘একটা বিষয় আমার চোখে পড়েছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে।’

বিশ্বকাপ আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শুরু করার কথাও জানান আসিফ মাহমুদ, ‘আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রবিবারেই বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত