৮০০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করলেন শিক্ষার্থীরা

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

শনিবার (১০ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট-সংলগ্ন টিপরা বাজার এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শিক্ষার্থীরা। এ সময় তাদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন এনায়েত ও ইকবাল হোসেন। 

জানা যায়, সারাদেশের ন্যায় কয়েক দিনের মতো শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্যান্টনমেন্ট-সংলগ্ন টিপরা বাজার এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গতিরোধ করতে বলেন তারা। চালক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে ঢাকার দিকে চলে যেতে থাকে। এতে তাদের সন্দেহ হলে শিক্ষার্থীরা দৌড়ে অটোরিকশার গতিরোধ করেন। পরে অটোরিকশার ভেতরে তল্লাশি চালিয়ে ৮টি কার্টুন থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, ফেনসিডিল বহনকারী এনায়েত ও ইকবাল হোসেন নামের দুজন মাদক কারবারিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত