অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিতে প্রস্তুত দুই উপদেষ্টা এবং বাকি থাকা অপরজনও যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওনা দিয়েছেন। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ফারুক-ই-আজম আগামীকাল রবিবার (১১ আগস্ট) রাত ১০টায় পৌঁছানোর পর সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ পাওয়া ১৬ জন উপদেষ্টার মধ্যে এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
শপথ গ্রহণের পরপরই ১৩ উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় ভাগ হয়ে যায় এবং ২৭টি মন্ত্রণালয় রাখা হয়েছে প্রধান উপদেষ্টার অধীনে। এখন এই তিন উপদেষ্টা কবে নাগাদ শপথ নেবেন তা নিয়ে অনেকের মধ্যে কৌতুহল রয়েছে। যদিও শপথ গ্রহণের দিন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করতে উপস্থিত হতে পারেননি।
এই তিন উপদেষ্টার সাথে কথা হয় দেশ রূপান্তরের। চট্টগ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধকালীন অপারেশন জ্যাকপটে (চট্টগ্রাম বন্দরে পাকিস্তানী হানাদার বাহিনীর জাহাজের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান) সাব-কমান্ডার হিসেবে নেতৃত্বদানকারী নৌ কমান্ডো ফারুক-ই-আজম আজ শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আমি আমেরিকা থেকে দেশের পথে রওনা দিয়েছি। শিডিউল অনুযায়ী আগামীকাল রবিবার (১১ আগস্ট) রাতে দেশে পৌছানোর কথা রয়েছে।’
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কবে শপথ নিবেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে পৌছানোর পর সোমবার বা মঙ্গলবার (১২ বা ১৩ আগস্ট) শপথ নিতে পারি।’
শপথ গ্রহণের দিন রাঙ্গামাটিতে অবস্থান করছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কবে নাগাদ শপথ নিতে পারেন এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি বলেন, ‘শপথ গ্রহণের দিন আমি রাঙ্গামাটি থাকায় সেদিন ঢাকা আসতে পারিনি। আজ শনিবার ঢাকায় এসে পৌঁছেছি এবং ঢাকায় আসার বিষয়টি মন্ত্রী পরিষদের সচিবকে অবহিত করেছি।’
কিন্তু কবে শপথ নিবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শপথ নেওয়ার বিষয়টি আমার নয়। আমি শপথ নেওয়ার জন্য প্রস্তুত আছি। মন্ত্রী পরিষদ সচিব যখন আমাকে ডাকবেন তখনই শপথ গ্রহণ করবো।’
একই মন্তব্য করেন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া মানষিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আজ সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘শপথ গ্রহণের দিন আমি ময়মনসিংহে ছিলাম বলে আসতে পারিনি। তবে আজ ঢাকায় অবস্থান করছি এবং শপথ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি। আমাকে যখনই ডাকা হবে আমি তখন শপথ নিতে পৌঁছাবো।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরপরই ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ৮ আগস্ট।
