গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শুভ তালুকদার (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুর একটার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের মাঝিগাতি নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুভ তালুকদার কোটালীপাড়া উপজেলার সেনারগাতি গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (কম্পিউটার) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আজ সকালে কোটালীপাড়া উপজেলা চত্বরে শপথ নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশ শেষে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ যাওয়ার পথে মাঝিগাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান বিষয়টি তাদের জানা নেই। এ ব্যপারে থানায় কেউ অফিযোগও করেনি।
