বিতর্কিত প্যারিস অলিম্পিকের চর্চিত বিতর্ক ছিল ইমানে খেলিফকে নিয়ে। বারবার তাকে সমালোচকদের তীরে বিদ্ধ হতে হয়েছে। তবুও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। অবশেষে শনিবার নারী ৬৬ কেজি বক্সিং ফাইনালে চিনের ইয়াং লিয়ুকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন আলজেরিয়ার এই বক্সার।
তার পরেই ২৫ বছরের বক্সার সাফ জানিয়ে দিয়েছেন, সমালোচকরা তাকে যতই বিদ্রুপে বিদ্ধ করার চেষ্টা করুন, তিনি অন্য পাঁচ জনের মতোই নারী। সেই সম্মান নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরবেন।
সোনা জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘লিঙ্গ নিয়ে বিতর্ক এবং নানা দিক থেকে বিচার করার দায়িত্ব সংবাদমাধ্যমের। সেটা তারা করেছে। কিন্তু আমি স্থির ছিলাম, কারণ আমি নারী হিসেবেই জন্ম নিয়েছি। এখানেও পদক জিততে এসেছি আর অন্য নারীদের মতোই। কিন্তু সেই সম্মানটা কেউ দেয়নি।’
তিনি যোগ করেছেন, ‘এটা নিয়ে আমার তেমন আফসোস নেই। অলিম্পিকে অংশ নিতে গেলে যে সমস্ত শর্তপূরণ করতে হয়, তার প্রত্যেকটিতে আমি উত্তীর্ণ হয়েছি। প্যারিসেও আমার বিভাগে ধাপে ধাপে সোনা জয়ের পথে এগিয়েছি। ফলে আমার মনে লিঙ্গ সংক্রান্ত বিন্দুমাত্র সংশয় নেই। বরং বলতে পারেন, যারা আমার রূপ এবং চেহারা নিয়ে বারবার কুৎসিত মন্তব্য করেছেন, তাদের সেই প্রত্যেকটি শব্দ আমাকে নতুনভাবে শক্তি দিয়েছে পদক জয়ের। শেষ পর্যন্ত সাফল্যের শৃঙ্গ আমি-ই স্পর্শ করলাম। আজ তাদেরও সেই গল্পটা লিখতে হচ্ছে। এটাই সেরা প্রাপ্তি।’
যদিও খেলিফ এ-ও জানিয়ে দিতে ভুলছেন না, একজন নারী হওয়ার পরেও যে ধরনের অশালীন মন্তব্য তাকে সহ্য করতে হয়েছে, তা যেমন অনৈতিক, তেমনই এক অপরাধ।
তিনি বলেছেন, ‘ফাইনালে প্রায় হাজার পনেরো দর্শক আমার লড়াই দেখতে এসেছিলেন। তারা শুরু থেকে আমার নামে জয়ধ্বনি করে গিয়েছেন। এটা আমার কাছে বড় পাওনা। কিন্তু যে ভাবে প্রত্যেকটা দিন সমাজমাধ্যমে কুৎসিত শব্দমালা আমাকে উপহার দেওয়া হয়েছে, সেটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। অলিম্পিকে নারীদের এমন অপমান কী তবে এখন থেকে গ্রহণযোগ্য হতে চলেছে?’
তিনি যোগ করেছেন, ‘দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে। যারা কদর্য মনোভাব পোষণ করেছেন, তাদের প্রতি আমার বার্তা- এই স্বর্ণপদক নারী হিসেবে আমার মর্যাদাকে স্বীকৃতি দিয়েছে।’
রিপন-রাকিবুলের বোলিং নৈপুণ্যে জয় বাংলাদেশ এইচপির
ফ্রান্সকে কাঁদিয়ে বাস্কেটবলে টানা ৫ অলিম্পিক সোনা যুক্তরাষ্ট্রের
বাফুফেতে নিয়মতান্ত্রিক পরিবর্তনের দাবী সাবেকদের
ফিনালিসসিমা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
এগিয়ে এল পাকিস্তান যাত্রা