জবি উপাচার্যকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৬:৩৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

আজ রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন।

শিক্ষার্থীরা বলেন, যত দ্রুত সম্ভব উপাচার্যসহ প্রশাসনে যত আওয়ামী দালালরা  রয়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। এইরকম পা চাটাদের আমরা আমাদের ক্যাম্পাসে চাই না, যদি ২৪ ঘণ্টা মধ্যে তারা পদত্যাগ না করে, তাহলে ভিসি ভবন ঘেরাও এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে ক্যাম্পাসে।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাদিজাতুল কুবরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের প্রথম দাবি উপাচার্যের পদত্যাগ। সকল বৈষম্য দূর করার প্রথম ধাপ এটি । যারা লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের তাঁদের সকলের পদত্যাগের দাবি তুলেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, উপাচার্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত