আন্দোলনে শিক্ষার্থী নিহত

পাবনায় জেলা আওয়ামী লীগ সভাপতিসহ ১০৩ জনের নামে মামলা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:১৩ পিএম

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে দুই ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে পাবনা সদর থানায় জাহিদুল ইসলাম নামে নিহত এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিটিউটের শিক্ষার্থী ছিলেন।

মামলায় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পৌর মেয়র শরিফ উদ্দিনসহ আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ১০৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, ঘটনার দিন ছাত্র-জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় মামলার অভিযুক্ত আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তারা বিনা উসকানিতে পূর্বপরিকল্পিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এতে ছাত্র-জনতা ভয়ে ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের নির্দেশে সন্ত্রাসীরা ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এতে জাহিদুলসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, রাতে বাদী থানায় হাজির হয়ে মামলা করেছেন। আমরা মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছি। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত