স্বামীকে গলা কেটে হত্যা, পালানোর পথে শিক্ষার্থীদের হাতে আটক

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৬:৪৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ আগস্ট) রাতে উপজেলার খোসালখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হোসাইন (৩০)। তিনি খোসালখালী গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে।

নিহতের পরিবারের বরাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে খুন করেন খাদিজা নামের অভিযুক্ত নারী। পরে ভোরে স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি বাসযোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হলে বাসের সুপারভাইজার তাকে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্রসমাজের কাছে হস্তান্তর করে। সেখানে ছাত্রদের কাছে খাদিজা স্বামী হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে খাদিজাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিত দাশ বলেন, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত