লুট হওয়া অস্ত্র নিয়ে টিকটক, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০১:২৫ পিএম

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগানের গুলিতে গুলিবিদ্ধ পলাশ (১৮) নামের এক তরুণ মারা গেছে। ছয়দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ আগস্ট) সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পলাশ সদরপুরে আটরশির হোটেল ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ তার বাবার সঙ্গে হোটেলে কাজ করতেন। গত ৬ আগস্ট সকালে দুই বন্ধু পলাশকে ডেকে নিয়ে যান। পরে তারা আড়াই রশি গ্রামে পলাশের নানা মোসলেম মাতুব্বরের বাড়িতে যান। ওই বাড়ির একটি কক্ষে গত ৫ আগস্ট সদরপুর থানা থেকে লুট করে নেয়া একটি শর্টগান নিয়ে টিকটক ভিডিও করতে থাকে। এসময় অস্ত্রটি একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন। হঠাৎ শর্টগান থেকে গুলি বের হলে তা পলাশের মাথায় লাগে। গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখেন পলাশকে।দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। ছয়দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোর ৬টার দিকে মারা যান পলাশ।

স্থানীয়ভাবে জানা যায়, পলাশকে গুলি করা অস্ত্রটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান। ৫ আগস্ট শেখ হাসিনা পর সদরপুর থানা থেকে ওই শটগান লুট করা হয়েছিল। এ ঘটনার পর অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে সদরপুরের আনসার বাহিনী। এরপর ফরিদপুর সেনাবাহিনীর কাছে অস্ত্রটি হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অস্ত্রটি দিয়ে বন্ধুরা টিকটক করতে গিয়ে গুলি বের হয়ে পলাশ মারা গেছেন নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত