গাজায় একজন ইসরায়েলি বন্দী নিহত, দুজন আহত: হামাস

  • হামাসের রক্ষীরাই ওই পুরুষ জিম্মিকে হত্যা ও দুই নারী জিম্মিকে আহত করেছে
  • ইসরায়েলিরা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার জেরে এ ঘটনা ঘটেছে বলছে হামাস
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় পৃথক দুই ঘটনায় ইসরায়েলি এক পুরুষ জিম্মি নিহত ও দুই নারী জিম্মি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড।

কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, তাদের রক্ষীরাই ওই পুরুষ জিম্মিকে হত্যা ও দুই নারী জিম্মিকে আহত করেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আবু উবাইদা বলেন, গুরুতর আহত দুজনের জীবন বাঁচানোর চেষ্টা চলছে। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আরও বিস্তারিত পরে জানানো হবে।

ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ‘নির্বিচারে হত্যা করতে থাকার’ জেরে এসব ঘটনা ঘটেছে বলে জানান আবু উবাইদা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, জিম্মি নিহতের বিষয়টি খতিয়ে দেখা কথা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি বলেন,  "এই মুহুর্তে হামাসের দাবিগুলিকে নিশ্চিত করার মত কোন গোয়েন্দা তথ্য আমার কাছে নেই। আমরা এই বিবৃতির বিশ্বাসযোগ্যতা নিয়ে তদন্ত করে যাবে এবং তথ্য পেলেই তা জানাবো।”

বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই প্রথম আল-কাসাম ব্রিগেড তাদের রক্ষীরা জিম্মিদের হত্যা করেছে বলে জানাল। এর আগে জিম্মিদের নিহত হওয়ার কারণ হিসেবে তারা প্রায়ই ইসরায়েলি বোমাবর্ষণকে দায় দিয়ে আসছিল।

এদিকে গাজাতে ইসরায়েলের গণহত্যা চলমান রয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে ৩৯ হাজার ৮৯৭ জনের মৃত্যু হয়েছে এবং ৯২ হাজার ১৫২ জন আহত হয়েছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত