বছরখানেক আগে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ভিলেনের ভূমিকায় সর্বশেষ বড় পর্দায় দেখা মিলেছিল বডি বিল্ডার জন আব্রাহামকে। এরপর আর তাকে পর্দায় পাওয়া যায়নি। এবার পরিচালক নিখিল আদভানির সঙ্গে জুটি বাঁধলেন তিনি। বর্তমানে তার আসন্ন ছবি ‘বেদা’ নিয়ে বেশ সরগরম সিনেমাপাড়া। ছবিটি মুক্তির আগে অভিনেতা তার জীবনের সংগ্রামের কথা নিয়ে মুখ খুলেছেন।
সিনেমার প্রমোশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিনেমায় আসার আগের জীবন কেমন ছিল সেসব প্রশ্নের জবাব দেন এই তারকা। তিনি বললেন, ‘এমবিএ পড়া শেষ করে একটি বিজ্ঞাপন সংস্থায় চাকরি নিয়েছিলাম। তারা আমাকে প্রতি মাসে মাত্র ৬৫০০ রুপি (বাংলাদেশি টাকায় ৯ হাজার) বেতন দিত। দুপুরের খাবারের জন্য মাত্র ৬.২৫ রুপি খরচ করার কথা বলেন। যার মধ্যে দুটি শুকনো রুটি এবং একটি ডাল ভাজা থাকত।’
তবে কোন কোম্পানিতে চাকরি করতেন তিনি সে বিষয়ে কিছু বলেননি। তার অভিনয় জীবনের প্রথমদিকে কাজের বিনিময়ে যে অর্থ পেতেন, তার বেশিরভাগই সঞ্চয় করে রাখতেন।
এ সময় পরিচালক নিখিল আদভানি সিনেমাটি প্রসঙ্গে বলেন, সিনেমাটিতে টান টান উত্তেজনা, ভরপুর অ্যাকশন থাকবে। ‘বেদ’ হলো বীরত্বের ও বিদ্রোহের চরিত্র। সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন শর্বরী। গল্পটি এগিয়েছে একজন নারীকে কেন্দ্র করে। যে তার প্রতিপক্ষ দ্বারা দমনমূলক ব্যবস্থার মুখোমুখি হন এবং প্রতিরোধ করেন। জন আব্রাহামকে দেখা যাবে শর্বরীর মেন্টর চরিত্রে। যারা অনুপ্রেরণায় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে ন্যায়বিচার খুঁজে পেতে সাহায্য করেছে।
১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তামান্না ভাটিয়া থাকবেন জনের প্রেমিকা হিসেবে। মৌনি রায়কেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। এই ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিওজ, এম্মে এন্টারটেইনমেন্ট এবং জেএ এন্টারটেইনমেন্ট।
