প্রত্যেক ব্যাংক পরিচালকের ব্যাংক হিসাব ফ্রিজ করার দাবি জানিয়েছেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিজিএমইএর বর্তমান পরিচালক শামস মাহমুদ। বুধবার (১৪ আগস্ট) গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
শামস মাহমুদ বলেন, সব ব্যাংক পরিচালকের ব্যাংক হিসাব স্থগিত করতে হবে। তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা পাই পাই করে প্রত্যেকটা টাকার হিসেব দিবেন, তারপর তারা ছাড়া পাবেন। টাকার হিসেব দিয়ে তারা বিদেশ যেতে পারবেন।
এনবিআরের বর্তমান চেয়ারম্যান মুনিমকে ঘুষের সর্দার দাবি করে তিনি বলেন, এ কর্মকর্তা চরম একটা দুর্নীতিবাজ, তিনি কর ব্যবস্থা ধ্বংস করেছেন। এ চেয়ারম্যান ঘুষের সর্দার।
এ সময় সেলিম আর এফ হোসেন বলেন, আমরা ১৫ বছর পুলিশি রাষ্ট্রে বসবাস করেছিলাম ব্যাংকখাতের ক্ষত অনেক গভীর দাবি করে তিনি বলেন, ব্যাংকখাতে যা জানেন অর্থনৈতিক লুটপাট আরও বেশি। ব্যাংক নিয়ে হাজারটা রেগুলেশন তৈরির ইতিহাস পৃথিবীর আর কোথাও হয়নি। ৫০ বছরের পরও এখনও ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হয়, এটা লজ্জার।
আমলাতান্ত্রিক পরিবর্তন আনার দাবি করে তিনি বলেন, আমলাতন্ত্রের বড় পরিবর্তন আনতে হবে। তারা জনগণকে দাস হিসেবে মনে করে। তারা সবাইকে বলেন, আমরা যা বলবো এর বাইরে কেউ কথা বলতে পারবেন না। এটা আর চলতে পারে না।
