বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৪ আগস্ট) আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন এলআরএফ (ল রিপোর্টার্স ফোরাম) নির্বাচিত কমিটি ও সদস্যরা প্রধান বিচারপতির কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন তিনি।
বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘উৎকর্ষতা, মেধার ভিত্তিতে পেশা পরিচালনা করা হবে। কিছু ক্ষেত্রে এর বিচ্যুতি থাকলেও সেই সম্ভাবনা যে শেষ হয়ে গেছে তা নয়।’
বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা তো আন ইলেকটেড বডি। তাই সব ক্ষেত্রে আমি মনে করি জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা আরও বেশি।’
প্রধান বিচারপতি এ সময় বলেন, আগামী রবিবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে হাইকোর্ট বেঞ্চে প্রতিদিনের মামলার শুনানির পর এর ফলাফল তাৎক্ষণিক দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এলআরএফ’র সভাপতি আশরাফ উল আলমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিুবল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার, মুহাম্মদ ইয়াছিন ও সাকিল আহমাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, হাবিবুর রহমান প্রমুখ
