গাজীপুরে এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯:১৭ পিএম

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর মারিয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লাখের অধিক টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার ৩ কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মাইক্রোবাসের গতিরোধ করে। তারা হকিস্টিক দিয়ে গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ও কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, ‘কি ঘটনা ঘটেছে হেড অফিসের সঙ্গে পরামর্শ ছাড়া বলতে পারব না।’

সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ২৯ লাখ টাকার বেশি ছিল বলে ব্যাংকের লোকজন জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত