নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাটডাউনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসি প্রফেসর ড. দিদার-উল-আলম, প্রো-ভিসি প্রফেসর ড. আবদুল বাকী ও রেজিস্ট্রার জসিম উদ্দিন পদত্যাগ না করায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ ঘোষণা করা হলো। তারা পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলমান থাকবে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষকদের আবাসিক এলাকা, জরুরি পরিষেবা, শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সেবা এবং বিশেষ কিছু ল্যাব কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।
নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন জানান, ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করায় আমরা এই ‘শাটডাউন’ কর্মসূচি হাতে নিয়েছি। উনারা পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলবে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. দিদার-উল-আলমকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এর আগে গত ৭ আগস্ট নোবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক, আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালক, হল প্রভোস্টদের প্রকাশ্যে ক্ষমা চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবিপ্রবি শাখার সমন্বয়করা। এর মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে অন্যরা পদত্যাগপত্র জমা দিলেও বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ করেননি।
