গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুতের পর থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদত্যাগ করছেন কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
গতকাল বুধবার অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।
সূত্র জানায়, পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান।
জানা গেছে, ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।
গত কয়েকদিন ধরেই তাকসিম খানের অপসারণ ও শাস্তির দাবিতে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ঢাকা ওয়াসার একদল কর্মকর্তা-কর্মচারী।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান একদিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।
তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পারি জমিয়েছেন।
