বাড়ি ফিরে ব্যবসায়ী দেখলেন— পড়ে আছে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:১৯ এএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়–লিয়া গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানায় পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্ত দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন, আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় স্বজনরা।

সেলিম শেখ পার্শ্ববর্তী বোদা উপজেলা সদরে থানকাপড়ের ব্যবসা করেন। সেলিম শেখ বলেন, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভিতরে তিন জনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, এমন দৃশ্য দারুণ কষ্টদায়ক। নির্মমভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা চাই আসামীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিয়া বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। ঘটনাটি বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত