ধানমন্ডি ৩২ নম্বরে নেই আ.লীগ নেতাকর্মীরা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০১:৪৩ পিএম

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বর এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে প্রবেশ করতে দেননি তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিন দেখা যায়, এই এলাকায় কেউ এলেই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়।

সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ‘জাতীয় শোক দিবস’এর ছুটি বাতিল করেছে। তার মধ্যেই ভিন্ন এক বাস্তবতায় ১৫ অগাস্ট পার করছে আওয়ামী লীগ। দলটির অধিকাংশ নেতা এখন আত্মগোপনে, ভারতে অবস্থানকারী সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদেরকে দিবসটি পালনে আহ্বান জানিয়েছিলেন, নেতাকর্মীরাও সামাজিক মাধ্যমে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছিল। কিন্তু বুধবার মধ্যরাতেই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনের রাস্তায় অবস্থান নেয়। সকাল থেকে সেখানে কাউকে শ্রদ্ধা জানাতে ঢুকতে দেওয়া হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত