সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার নগরীর মদিনা মার্কেটস্থ একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মেয়রপ্রার্থী হিসেবে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি।
সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় তিনি ড. নূরুল ইসলাম বাবুলের পক্ষে কাজ করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সিলেট নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্র থেকে ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। একজন জনপ্রতিনিধি শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন না; তিনি জনগণের অধিকার, নাগরিক সেবা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্বও পালন করেন। তাই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সততা, মেধা, যোগ্যতা, দক্ষতা, নৈতিক চরিত্র ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।
তিনি ড. নূরুল ইসলাম বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতি, সততা ও যোগ্যতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক নগর প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ রয়েছে।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ প্রমুখ।