করোনা মহামারীর কারণে প্রায় পাঁচ বছর সীমান্ত বন্ধ থাকার পর বিদেশী পর্যটকদের জন্য আবার সীমান্ত খুলে দিতে যাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ, অর্থাৎ ডিসেম্বরে সীমিত আকারে আন্তর্জাতিক পর্যটন পুনরায় চালু করবে দেশটি।
খুব দ্রুত সীমান্ত খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীন ভিত্তিক দুই ট্যুর অপারেটর। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সামনের ডিসেম্বরে উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সামজিয়ন এবং সম্ভবত পুরো দেশেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা।
বেইজিংভিত্তিক কোরিও ট্যুরস তাদের ওয়েবসাইটে বলেছে, ‘আমরা আমাদের স্থানীয় কর্তৃপক্ষ থেকে নিশ্চয়তা পেয়েছি যে ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সামজিয়নে এবং সম্ভবত দেশের বাকি অংশগুলোতেও আবার পর্যটন চালু হবে।
এছাড়া শেনিয়াংয়ের কেটিজি ট্যুরস সামাজিক মাধ্যম ফেসবুক পেজে লিখেছে, ‘এখন পর্যন্ত শুধু সামজিয়ন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমরা মনে করি পিয়ংইয়ং এবং অন্যান্য স্থানও খুলে দেওয়া হবে।‘
সামজিয়ন উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বত পাইকতুর পাদদেশে অবস্থিত একটি শহর, যা চীন ও উত্তর কোরিয়া সীমান্তে বিস্তৃত। স্থানটি শীতের সময়ে পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত।
তবে পর্যটকদের বাড়াতে ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্ট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসা সুবিধাসহ পাহাড়ি শহরের একটি মডেল নির্মাণ করা হচ্ছে।
২০২০ সালের দিকে করোনা মহামারীর শুরুতে পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। তবে গত বছরের মাঝামাঝি সময়ে বিধিনিষেধ শিথিল করতে শুরু করে দেশটির কর্তৃপক্ষ। সীমান্ত বন্ধের ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানিও বন্ধ হয়ে যায়, যার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে খাদ্যের ঘাটতি আরও খারাপ হয়।
ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, আদালতে রিমান্ড চাইবে পুলিশ