জবির নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ইকরামুল হক সাজিদের নামে রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরীর কাছে শিক্ষার্থীরা এ দাবি জানিয়ে একটি আবেদন করে।

সাজিদের সহপাঠী মো. সোলায়মান বলেন, ‘আমার বন্ধু সাজিদ ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে।  দেশের জন্য তার এই আত্মত্যাগ স্মৃতি হিসেবে রক্ষা করার জন্য বিবিএ ভবনের নাম পরিবর্তন করে আমরা শহীদ সাজিদ একাডেমিক ভবন করার জন্য দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। প্রশাসন এটা সিন্ডিকেটের মাধ্যমে পাশ করে পরবর্তীতে নামফলক লাগিয়ে দিবে বলে আশ্বাস দিয়েছে। আমরা আপাতত নিজ উদ্যোগে ভবনের সামনে একটি অস্থায়ী ব্যানার লাগিয়ে দিয়েছি।’

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক। তবে ভবনের নাম পরিবর্তন করতে একটা নিয়মের ভেতর দিয়ে যেতে হবে। বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে পাশ করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা চলাকালে গত ৪ আগস্ট মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা (২০১৮-১৯ শিক্ষাবর্ষের) বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল হক সাজিদ। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার ২ টা ১৫ মিনিটের দিকে সাজিদ মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত