বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে: ভারতের প্রধান বিচারপতি

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম

মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ‘প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে তা আমাদের এসব অধিকারের কতটা মূল্য তা স্মরণ করিয়ে দিচ্ছে।’ খবর ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধান বিচারপতি।

মুক্তি ও স্বাধীনতা হালকাভাবে নেওয়া সহজ উল্লেখ করে ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা ১৯৫০ সালে বেছে নিয়েছি। বাংলাদেশে আজ যা ঘটছে তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মনে করিয়ে দিতে অতীতের ঘটনাগুলো জানা-বোঝা দরকার।’ 

স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে জওহরলাল নেহরুসহ অনেকেই আইন পেশা ছেড়ে দিয়েছিলেন। এদিন সেই আইনজীবীদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি।

মাসব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান। এই প্রেক্ষাপটে ভারতে যে উদ্বেগ দেখা দিয়েছে তার মধ্যে এসব কথা বললেন দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত