আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দাবি ইশরাকের

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে লাগাতার সন্ত্রাস করেছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনাবিচারে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই চোর-বাটপারের দল আ. লীগকে অচিরেই নিষিদ্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা-১০ আসন (নিউমার্কেট, ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারীবাগ থানা) বিএনপি নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পরবর্তী শান্তি পদযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত সর্বশেষ প্রার্থী শেখ রবিউল আলমের নেতৃত্বে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

শান্তি পদযাত্রাটি বিকেল ৪টায় সায়েন্সল্যাব থেকে শুরু হয়ে কলাবাগান, পান্থপথ মোড়, ধানমন্ডি ৩২ ও ধানমন্ডি ২৭ হয়ে শংকর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়।

ইশরাক বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুঁড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।

তিনি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনওসহ বিভিন্ন পদে রদবদল করতে হবে। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও দু'চার জনকে গ্রেপ্তার করলেই হবে না। লিস্ট করে ধরে ধরে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এদের আইনের আওতায় আনতে না পারলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকবেই।

ইশরাক হোসেন বলেন, যারা ব্যাংক, টেলিভিশন, প্রতিষ্ঠান দখল করছে তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয়।

তিনি ঢাকা-১০ আসনের নেতা শেখ রবিউল আলমের সঙ্গে একসাথে ঢাকাবাসীর পাশে মানবঢাল হিসেবে জনগণকে নিরাপদে রাখার জন্য সবসময় প্রস্তুত রয়েছেন বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের বিএনপির সর্বশেষ ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত