কুমিল্লার দেবিদ্বারে বাড়ি ভাংচুরের ঘটনায় সালিশ বৈঠক আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির কর্মী সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ফতেহাবাদ ইউপির সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান সাইচাপাড়া গ্রামের মৃত. আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) সাইচাপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে সমঝোতার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির কর্মী সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই খানে সকাল সাড়ে ১০টার দিকে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।
ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ৮ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার ডা. আবু জাফর রনি বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সিদ্দিকুর রহমান মৃত। ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, সাবেক এমপি আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমির হোসেন মেম্বারের নেতৃত্বে আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে সিদ্দিকুর রহমানকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ সমর্থিত আমির হোসেন মেম্বারকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
