ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনজনকে মারধর করে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, আশীষ খাদেম, মো. রিফাত ও আমজাদ। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত। তাদের মধ্যে আশীষ খাদেমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
ছাত্র আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, খড়মপুর মাজার শরীফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে জুয়ার আসর বসার খবরে ছাত্ররা ছুটে যায়। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাওয়া মাত্রই তাদের ওপর হামলা হয়। একদল লোক সংঘটিত হয়ে তাদের মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।
আহত আমজাদ জানান, মাজারের পশ্চিম পাশে রেলপথে জুয়ার আসর বসছে জেনে আমরা ১০-১২ জন ওখানে যাই। আমাদের দেখেই ৫০-৬০ জন লোক আমাদের ওপর চড়াও হয়। আমিসহ তিনজন আমরা আহত হয়েছি। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনা স্থলে গিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালিশ বৈঠকে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 