নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা

দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিলে মমতা

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:২৫ পিএম

নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের কলকাতা। কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদের ঢেউ উঠেছে। এবার সেই প্রতিবাদের মিছিলে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (১৬ আগস্ট) হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবিতে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে যোগ দেন তৃণমূল নেত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, এ ঘটনায় কিছু মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য ‘মিথ্যা প্রচার করছে’।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই সত্য বেরিয়ে আসুক, কিন্তু কিছু মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার করছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়িয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমরা চাই দোষীদের শাস্তি হোক।

বৃহস্পতিবার কলকাতার আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিপিএম ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি জানি সিপিএম ও বিজেপি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। রাত ১২-১ মিনিটে তারা সেখানে যান, ভিডিওতে দেখা যাচ্ছে সিপিএম ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়েছে এবং বিজেপি জাতীয় পতাকা নিয়েছে।

বিজেপি ও সিপিএমকে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মণিপুরে যখন ঘটনা ঘটেছিল, তখন বিজেপি ও সিপিএম কতগুলো দল পাঠিয়েছিল? হাথরাস, উন্নাওয়ে কয়টি দল পাঠানো হয়েছিল?... সিপিএম এবং বিজেপি যেন আমাকে হুমকি না দেয়, আমরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে আসিনি।

এর আগে, বৃহস্পতিবার ভোরে প্রায় ৪০ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগ, নার্সিং ইউনিট ও ওষুধের দোকানে ভাঙচুর চালায়। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং একটি মঞ্চ ভাঙচুর করে, যেখানে জুনিয়র ডাক্তাররা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কর্মক্ষেত্রের নিরাপত্তার দাবিতে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে আর জি কর হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে সেমিনার রুমে বিশ্রাম নেওয়া এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে আর জি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গ। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ৭ দিন ধরে চলছে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত