রেলকর্মীর হাত খুবলে নিল বাঘ, তিন গ্রামে আতঙ্ক

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:২৪ পিএম

ভারতের রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ পালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তিনটি গ্রামে। শুক্রবার (১৬ আগস্ট) সংরক্ষণ কেন্দ্র থেকে বাঘটি পালিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। ভোরে প্রথমে এক রেলকর্মীর ওপর হামলা চালায় সেটি। এতে গুরুতর আহত হন বিকাশ কুমার নামে এক রেলকর্মী। তার একটি হাত খুবলে নেয় বাঘ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিকাশ ছাড়াও আরও চারজনের ওপর হামলা চালায় সেই বাঘ। বাসনি গ্রাম ছাড়াও দরবারপুর গ্রামে তিনজনের ওপর হামলা চালায় প্রাণীটি। অন্য একটি গ্রামে আরও এক ব্যক্তি বাঘের হামলায় আহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচজন বাঘের হামলায় আহত হওয়ায় সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণের আশপাশের তিনটি গ্রামে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। লোকজন বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।

স্কুলশিক্ষার্থীরা যাতে বাঘের শিকার না হয় তাই তিন গ্রামেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তিন গ্রামের লোক বেশ কয়েকটি দলে ভাগ হয়ে বাঘটি ধরার চেষ্টা করছেন। বন দফতরও তল্লাশি চালাচ্ছে বাঘের খোঁজে। খবর আনন্দবাজারের।

সরিস্কার বন কর্মকর্তা রাজেন্দ্র হুদা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বাঘটি ধরার চেষ্টা হচ্ছে। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ব্যবস্থাও নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত