চট্টগ্রামের সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:১৮ পিএম

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেংগা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) ভোরে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুপুর ১২টার দিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এ ঘটনায় ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত