যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম পরিবর্তনের দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

রাজনৈতিক ব্যবহারের কারণে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বিনিয়োগকারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। তারা প্রতিষ্ঠানটিকে ফলপ্রসূ ও লাভজনক করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক রাখার দাবি করেছেন তারা।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের বিনিয়োগকারীরা এ আহ্বান জানান। বেলা সাড়ে ১১টায় পার্কের ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিনিয়োগকারীদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহাজালাল।

বক্তব্যে বলা হয়, দেশে প্রথম প্রতিষ্ঠিত এই সফটওয়্যার টেকনোলজি পার্ক সফল না হওয়ার জন্য তৎকালীন সরকারের ভ্রান্তনীতি এবং তার সুবিধাভোগী টেকসিটি নামের কোম্পানি দায়ী। টেকসিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরিফ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সহপাঠী।

তারা আরও জানান, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় এই টেকনোলজি পার্কের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করায় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এখানকার বিনিয়োগকারীদের প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং সকল সহযোগিতা বন্ধ করে দেন। স্থানীয় বিনিয়োগকারীদের দিয়ে স্বার্থসিদ্ধি না হওয়ায় পলক ঢাকা থেকে কয়েকটি বাস ভরে সাংবাদিক নিয়ে আসেন যশোরে। তাদের কেউ কেউ সরকারের মতো করে সংবাদ প্রকাশ করেছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জনগণের করের ৩৫০ কোটি টাকায় নির্মিত এই প্রতিষ্ঠানে ন্যূনতম বিনিয়োগ ছাড়াই পুরোপুরি অস্বচ্ছ প্রক্রিয়ায় প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি বা পিএমসি নিয়োগ করা হয়েছে। পার্ক থেকে যে রাজস্ব আয় হয় তার ৮২ শতাংশ পায় টেকসিটি ও ১৮ শতাংশ পায় সরকার তথা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে টেকসিটি নামের ওই প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের চুক্তি বাতিল দাবি করা হয়। তারা জানান, টেকসিটির সঙ্গে চুক্তির কারণে এই পার্ক থেকে ২২টি প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহ হারায়। যে ৩৩টি কোম্পানি নিয়ে পার্ক যাত্রা শুরু করেছিল তার মধ্যে ১৩টি প্রতিষ্ঠান টিকে আছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক বিনিয়োগকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবির ও উপদেষ্টা জাহিদ হাসান টুকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত