হিলি সীমান্তে ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:১১ এএম

শেখ হাসিনা সরকারের মন্ত্রী-আমলাসহ তালিকাভুক্ত ব্যক্তিরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি ও পুলিশ। ভারতে যাওয়া প্রত্যেক যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ সব কিছু যাচাই-বাছাই করে তার নাম-পরিচয় নিশ্চিত করা হচ্ছে। সন্দেহ হলেই চলছে তল্লাশি। 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে হিলি সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির বাড়তি সদস্য মোতায়েনের মধ্য দিয়ে সীমান্তে টহল ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এ ছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে যারা যাতায়াত করছেন, তাদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় মানুষের গতিবিধি মনিটরিং করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিজিবির সব চেকপোস্টগুলোকে এ সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধপথে চোরাচালান থেকে শুরু করে যেকোনো অপরাধ দমনে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। আগামী দিনগুলোতেও বাড়তি সতর্কতার এই ধারা অব্যাহত থাকবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত