বরাবরই তির্যক মন্তব্য করে আলোচনায় থাকা এবং অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা রানাউত ফের আলোচনায় উঠে এসেছেন। বর্তমানে তিনি তার আসন্ন রাজনৈতিক চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে তিনি বলিউড শিল্পীদের ‘স্টুপিড’ বলে আখ্যায়িত করেছেন।
অভিনেত্রী জানিয়েছেন, তিনি বলিউডের শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না। তার মতে, তারা বিশ্বে কী ঘটছে সে সম্পর্কে খুব সচেতন নন।
সম্প্রতি রাজ শামানির পডকাস্টে হাজির হয়ে ‘কুইন’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি বলিউডের শিল্পীদের মতো মানুষ নই। আমি বলিউডের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। বলিউডের মানুষরা নিজেদের নিয়ে ভীষণ ব্যস্ত। তারা স্টুপিড (মূর্খ) ও নির্বোধ।’
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেতার জীবনযাপনের রুটিন নিয়েও সমালোচনা করেন কঙ্গনা। তিনি বলেন, ‘যদি তারা (অভিনেতারা) শুটিং না করে, তাদের রুটিন হলো তারা সকালে ঘুম থেকে উঠে, কিছু শারীরিক অনুশীলন করে, দুপুরে ঘুমায়, আবার ঘুম থেকে ওঠে, জিমে যায়, আবার রাতে ঘুমায় বা টিভি দেখে। তারা ঘাসফড়িংয়ের মতো, সম্পূর্ণ ফাঁকা।
এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় কী করে? এমন প্রশ্ন তুলে কঙ্গনা বলেন, কোথায় কী হচ্ছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাদের কোনো আলোচনা নেই। তারা আড্ডা দেয়, পান করে (তাদের পোশাক এবং আনুষঙ্গিক নিয়ে আলোচনা করে)।
অভিনেত্রী আরও বলেন, তিনি বলিউডে কখনো কারও সঙ্গে ঝগড়া করেননি, অন্যরা যা করেন শুধু তার জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার বক্তব্য যদি এতই অযৌক্তিক হয়, তাহলে আপনি কি এমন একটি কথাও বলতে পারবেন যেখানে...না, কখনোই না। আমি এমন কিছু বলিনি যা সত্য নয়। আমি কখনো কারও সঙ্গে ঝগড়া করিনি। আমিই ঝগড়া শেষ করেছি কিন্তু কখনো তা শুরু করিনি।
কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, ভিশাক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিক। ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হওয়ার সময়কালের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মিত হয়েছে। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন রানাউত। আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মোহনলাল
ফের বিপাকে রিয়া! 