বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রিয়াজের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৮:৪৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ বরিশালের কলেজ শিক্ষার্থী রিয়াজ হোসেন দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌঁনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে তার বড় ভাই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজ হোসেন বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হক রাড়ীর ছেলে। তিনি মুলাদী সরকারি কলেজের স্নাতকের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন রিয়াজ হোসেন। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন তাকে ঢামেকে নিয়ে ভর্তি করেন। এছাড়াও রিয়াজ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল গণি জানান, আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে রিয়াজ সামনের সারিতে ছিলেন। গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিলে অংশ নেন রিয়াজ। তখন তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার জানান,  রিয়াজ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন। রিয়াজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তার এ ত্যাগ জাতি ভুলবে না।

নিহতের বড়ভাই রেজাউল করিম জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ’তে রাখা হয়। রবিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত