ঘড়ির কাঁটা তখন রাত তিনটা ছুঁই ছুঁই। রাজশাহী শহরে ভদ্রা মোড়ের ট্রাফিকের দায়িত্ব পালন শেষে হাঁটতে বের হয়েছিলেন আকাশ বিন ওসামা ও আরমান। গলির মধ্যে বাড়ির সামনে একটি ব্যাগে ১৮টি এক হাজার টাকার বান্ডিল ও একটি রহস্যজনক পিতলের কাপ পান ‘শাটিকাপ’ অভিনেতারা। এরপর কি করবে ভেবে না পেয়ে ‘শাটিকাপ’ ওয়েব সিরিজের নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামকে ফোন দেন এবং সিদ্ধান্ত নেন টাকাগুলো থানায় জমা দেবার। ঘটনটি শনিবার (১৭ আগস্ট) রাতের।
আকাশ বলেন, ‘আমরা তো সিদ্ধান্ত নিতে পারছিলাম না কী করব, আতঙ্কই বলা যায়, এমন অবস্থা। ব্যাগটি নিয়ে আমরা গলি থেকে বের হই। আমরা যেহেতু শুরু থেকে শায়িক (মোহাম্মদ তাওকীর ইসলাম) ভাইয়ের পরামর্শে কাজ করছি। ভাইকে ফোন দিই। ভাই আমাদের সব বুঝিয়ে দেন, কী করতে হবে। সেভাবেই আমরা পরবর্তী পদক্ষেপে যাই। তবে খুবই সাবধান ছিলাম, এটা যেন কারো হাতে না পড়ে। আর কোলাহল যেন না তৈরি হয়।’
তাদের সঙ্গে থাকা আরেক সঙ্গী প্রদীপ বলেন, ‘টাকাগুলো পাওয়ার পর একমাত্র চিন্তা ছিল, এটা যেভাবেই হোক সরকারি কোষাগারে পৌঁছে দেব। সবাই মিলেই থানায় যাই। আমাদের সঙ্গে ছিল আসিফ, রিফাত, রিংকু, সজলসহ আরও অনেকে। আমরা থানায় যাই। ১৭ লাখ ৯২ হাজার টাকা পেয়েছি, সেটা নিয়ে থানায় কথা হয়। পরে সেখান থেকে কোর্টে যাই। সিদ্ধান্ত হয়, টাকা সরাসরি আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব। সেই সিদ্ধান্ত থেকেই আমরা সবার সঙ্গে কথা বলে এখন (বেলা তিনটা) ডিসি অফিসের ট্রেজারিতে জমা দিচ্ছি। এখানেই আমরা রয়েছি।’
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘পরিত্যক্ত টাকা, এটা সন্দেহজনক। আমরা এর তদন্ত করব। সঙ্গে একটি কাপ পাওয়া গেছে। সেটা আমরা পরীক্ষা করিয়েছি, এটা পিতলের কাপ। সেখানে ১৮টি বড় ও ক্ষুদ্র ক্ষুদ্র আরও কিছু ছিদ্র কেন, সেটারও তদন্ত হবে।’
মাসুদ পারভেজ জানান, অর্থ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ছয় মাসের মধ্যে অর্থের যদি বৈধ কোনো মালিকানা দাবি করা কাউকে পাওয়া যায়, তাহলে প্রমাণ, অর্থের উৎস জানার পর সেটা ফিরিয়ে দেওয়া হবে। কাউকে না পাওয়া গেলে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
ছাত্র-জনতার এক দফা দাবির মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর পরিচালক তাওকীর ইসলামরা দল বেঁধে রাজশাহীকে নিরাপদ রাখতে মাঠে নামেন। পরে ৭ আগস্ট থেকে তারা ‘সেভ রাজশাহী’ নামে একটি প্ল্যাটফর্ম খুলে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
আরজি কর কাণ্ডের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলায় তোপের মুখে সৌরভ
বলিউডের শিল্পীরা ‘স্টুপিড’, আমি তাদের মতো নই: কঙ্গনা