বিআইইউর কোষাধ্যক্ষের কক্ষে তালা, পদত্যাগের দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৯ পিএম

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) কোষাধ্যক্ষ কাজী আখতার হোসেনের কক্ষে তালা দিয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে এই অপসারণের দাবি জানান তারা। রবিবার (১৮ আগস্ট) বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোষাধক্ষ্যের কক্ষে তালা ঝুলানো হয়েছে।

কয়েকদিন থেকেই কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব ছিলেন শিক্ষার্থীরা। অবশেষে রবিবার কোষাধ্যক্ষের কক্ষে তালা দেওয়াসহ ক্যাম্পসের বিভিন্ন স্থানে তার পদত্যাগ চেয়ে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘খুনি হাসিনা কর্তৃক নিয়োগকৃত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (কোষাধ্যক্ষ) কাজী আখতার হোসেনের অবিলম্বে পদত্যাগ চাই।’

বিআইইউর একাধিক শিক্ষার্থী জানান, কাজী আখতার হোসেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের হয়ে সভা ও সেমিনারে উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্টতা রেখে বক্তব্য দিয়েছেন এবং কাজ করে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে এই কোষাধ্যক্ষের কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। এখনো তিনি ক্যাম্পাসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, তিনি ইবির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার জন্যও চেষ্টা করছেন।

ইতিপূর্বে তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে নানান প্রতিবেদনও পাঠান। বিশ্ববিদ্যালয়টি আওয়ামী সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার নানান প্রচেষ্টা করেন।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্টতাসহ ৩০০ অবসরপ্রাপ্ত সচিবদের নিয়ে নৌকার পক্ষে কাজ করেন কাজী আক্তার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত