আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার বুকের রক্তের ওপর অর্জিত বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মে যারা জড়িত হয়েছেন, দেশ প্রেমিক নয় দেশদ্রোহী। তাদের রুখে দিতে হবে। আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে।
আজ সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
আমাদের সন্তানদের বুকের রক্তের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, তা আমরা নষ্ট হতে দিতে পারি না উল্লেখ করে তিনি বলেন, এক ফ্যাসিবাদ গেছে, আরেক নয়া ফ্যাসিবাদকে আমরা আমদানি করতে পারি না। ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিজয়কে ভণ্ডুল করে দিতে। স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণের যে শত্রু, যাকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না।
মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। যে দানব আমাদের ওপর চেপে বসেছিল, সে দানব আমরা সরাতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই, ছাত্র-জনতাকে, যারা বিপ্লবের মধ্যে দিয়ে এই পরিবর্তন নিয়ে এসেছে। বিএনপি ১৫ বছর ধরে এ সংগ্রাম করছে। আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর মিথ্যা মামলায় বিনা দোষে কারাগারে থাকতে হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা সংস্কারের কথা বলছেন, এ সংস্কারকে আমরা স্বাগত জানাই। নতুন যে অধ্যায়ের সূচনা হয়েছে, তাকে আমাদের ধৈর্য ধরে বরণ করে নিতে হবে। যারা এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সঙ্গে হয়েছে, তারা দেশদ্রোহী। তাদের রুখে দিতে হবে, তাদের পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে।
ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি একজন বিচক্ষণ নেতা ছিলেন। তার নেতৃত্বে বিএনপি স্বৈরশাসককে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্বে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অনেকে।
৫ মিনিটেই সমাধান
রাষ্ট্রপিতাকে বাতিল করলে জন্ম-পরিচয় থাকবে না: কাদের সিদ্দিকী
পালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলেছেন- আগরতলা কতদূর: রিজভী