ভাড়া ভবনে চালু হলো পুড়ে যাওয়া এনায়েতপুর থানা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে হামলা ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম একটি ভাড়া ভবনে চালু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে ওই ভাড়া করা ভবনে নতুন করে থানার কার্যক্রম চালু হয়েছে।

এর আগে রবিবার (১৮ আগস্ট) বিকালে থানার মালামাল এ ভবনে স্থানান্তর করা হয়। নবনিযুক্ত ওসি হাসিবুল্লাহ হাসিব এ তথ্য জানিয়েছেন।

ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, ক্ষতিগ্রস্ত থানার দক্ষিণে কেজির মোড় এলাকায় একটি ভবনের ৭টি কক্ষ ভাড়া নিয়ে এনায়েতপুর থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকালই কক্ষগুলো ব্যবহার উপযোগী করে বিভিন্ন সরঞ্জাম গোছানোর কার্যক্রম শেষ হয়েছে। থানায় ব্যবহারের জন্য একটি পিকআপ দেওয়া হয়েছে। এছাড়া নতুন ও পুরাতন জনবল দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ের কার্যক্রম পুরোপুরি শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে।

গত ৪ আগস্ট হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। ফলে থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪০টি মোটরসাইকেল, ৩টি পুলিশভ্যান ও সব আসবাবপত্র পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় পুরো থানা ভবন। এ সময় আন্দোলনকারীদের মারধরে থানার ওসিসহ ১৫ পুলিশ সদস্য এবং গুলিতে ২ শিক্ষার্থী ও এক ব্যবসায়ীসহ মোট ১৮ জন নিহত হন। এ ঘটনার পর থেকে বন্ধ থাকে থানার কার্যক্রম।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, নতুন করে যাত্রা শুরু করছে এনায়েতপুর থানা। হামলায় মূল থানা ভবন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় আলাদা ভাড়া ভবনে এ থানার কার্যক্রম শুরু করা হয়েছে। হামলার সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত